বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২১

রাজবাড়ী-১ আসনের প্রার্থীর আলী নেওয়াজ মাহমুদের প্রতিক্রিয়া

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ছবি : সংগৃহীত

রাজবাড়ী, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজবাড়ী-১ আসনের বিজয়ী প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন,এ বিজয় প্রমাণ করলো দেশের মানুষ জাতীয়তাবাদী শক্তিকেই তাদের ভালোবাসা ঐক্যের শক্তি বলে মনে করে।

দেশের মানুষ আবারও প্রমাণ করলো এ দেশ সকলকে নিয়ে একত্রে বসবাস করার মত একটি উপযোগী স্থান।

এখানে কোনো বিভাজন তৈরি করে দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না।

বাংলাদেশের নতুন সম্ভাবনাকে কাজের লাগাতে আমাদের নেতা তারেক রহমান দেশের মানুষকে নতুন একটি সকাল, নতুন একটি বাংলাদেশ উপহার দিবেন। এ কারণে দেশের মানুষ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

শুক্রবার দুপুরের দিকে জেলা শহরে তার নিজ বাসভবনে নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের দেশের মানুষ অসাম্প্রদায়িক, এ বিজয় জনগণের বিজয়। দেশের মানুষ গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতি শ্রদ্ধাশীল এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান আলোর বর্তিকা নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন। তা বেগম খালেদা জিয়ার হাতে বিকশিত হয়েছে। তারই ধারাবাহিকতায় এখন নতুন এক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ বিএনপি’র প্রার্থীদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে।

এদিকে নির্বাচনী ফলাফল ঘোষণার পর সকাল থেকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে তার বাসভবনে আসতে শুরু করেন নেতাকর্মী ও সমর্থকরা।

এ সময় ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হন নব-নির্বাচিত এই সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

রাজবাড়ী-১ সংসদীয় আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ বিজয়ের মাধ্যমে তিনি দ্বিতীয়বারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন।

এরআগে রাত ২টার দিকে আনুষ্ঠানিকভাবে জেলা রির্টানিং অফিসার তাকে রাজবাড়ী-১ আসনে বিজয়ী বলে ঘোষণা করেন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৫৪ হাজার ৫৪১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. নূরুল ইসলাম। তিনি পেয়েছেন ১ লক্ষ ১ হাজার ৯২ ভোট।

এদিকে রাজবাড়ী-২ আসনের বিজয়ী প্রার্থী মো. হারুন-অর-রশিদ। তিনি প্রায় ১ লক্ষ ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

তিনি আজ সকালে মায়ের কবর জিয়ারতের মাধ্যমে তার সকল কার্যক্রম শুরু করেন। সকাল থেকে তাকেও শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মীরা। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন ১১ দলীয় জোট সমর্থিত এনসিপি’র প্রার্থী জামিল হিজাযী। তার প্রাপ্ত ভোট ৬৭ হাজার ২৯৯টি।