শিরোনাম

বগুড়া, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনেই বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট সব আসনের ফলাফলে পোস্টাল ব্যালট যুক্ত করা হয়েছে।
সারিয়াকান্দি-সোনাতলা উপজেলা নিয়ে গঠিত বগুড়া-১ আসন। এই আসনে বিএনপি’র কাজী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ৮৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের মো.শাহাবুদ্দিন পেয়েছেন ৫৬ হাজার ৯৩৩ ভোট।
নির্বাচনে জয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় কাজী রফিকুল ইসলাম বলেছেন, দীর্ঘদিন পর মানুষ অবাধে ভোট দিয়ে তাদের মত প্রকাশের সুযোগ পেয়েছে। জনগণের সেই রায় তার জন্য যেমন গর্বের, তেমনি বড় দায়িত্বও।
তিনি জানান, কৃষিনির্ভর এই অঞ্চলের উন্নয়ন, সেচ ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং শিক্ষার পরিবেশ উন্নত করতে দ্রুত কাজ শুরু করবেন। এছাড়াও নদী বেষ্টিত সোনাতলা-সারিয়াকান্দিতে নদী ভাঙন রোধ ও চরের মানুষের জীবন মান বাড়াতে তিনি গুরুত্ব দিবেন। নির্বাচনি প্রচার-প্রচারণার সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।