শিরোনাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : গণমানুষের আস্থা ও প্রত্যাশার প্রতিফলনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ভূমিধস বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
আজ এক বার্তায় ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ড্যাব নেতৃদ্বয় বলেন, এই ঐতিহাসিক বিজয় কেবল একটি রাজনৈতিক সাফল্য নয়; বরং এটি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রতি জনগণের দৃঢ় প্রত্যাশার সুস্পষ্ট প্রতিফলন।
একই সাথে নেতৃবৃন্দ দেশব্যাপী ধানের শীষের প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে ড্যাব যেসকল চিকিৎসকরা ও স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।
স্বাস্থ্যখাতের উন্নয়ন প্রসঙ্গে ড্যাব নেতৃবৃন্দ বলেন, বিএনপির সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা (ইউনিভার্সাল হেলথ কভারেজ) নিশ্চিতকরণ নীতি, স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন, গ্রামীণ পর্যায়ে চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী ও জনবান্ধব হয়ে উঠবে।
পাশাপাশি সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, জনবল বৃদ্ধি এবং গবেষণা ও চিকিৎসা শিক্ষার মান উন্নয়নের উদ্যোগ জাতীয় স্বাস্থ্যখাতে যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হবে বলেও বিশ্বাস করেন তারা।
ড্যাব নেতৃদ্বয় আরো বলেন, বিএনপির ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে একটি স্বাধীন ও কার্যকর বিচারব্যবস্থা প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার যে অঙ্গীকার বিএনপি করেছে, তা রাষ্ট্র পরিচালনায় একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে।
একইসঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি, তরুণ সমাজের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা (যেমন: ই-হেলথ কার্ড চালু, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড) বলয় সম্প্রসারণের প্রতিশ্রুতিগুলো দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে সহায়ক হবে বলেও শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়।