শিরোনাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পেয়ে আনন্দ মিছিল ও শোভাযাত্রা না করে দেশের সকল মসজিদে দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশবাসীর সুখ ও সমৃদ্ধি কামনায় দোয়া করেছে দলটি।
আজ শুক্রবার বাদ জুমা দেশের বিভিন্ন মসজিদে এই কর্মসূচি পালন করেছে দলটি। এছাড়া সারাদেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, বিপুলসংখ্যক ভোটে বিজয়ী করায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছে।