বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৯

দেশের মানুষ রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে : ড. মঈন খান

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। ফাইল ছবি

নরসিংদী, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ সবসময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। গত ৫৫ বছরের ইতিহাসে যতবার রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, ততবারই দেশের মানুষ সঠিক পথ বেছে নিয়ে দেশকে সুস্থ ধারায় ফিরিয়ে এনেছে। এর কৃতিত্ব বাংলাদেশের জনগণের বলে মন্তব্য করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভের পর শুক্রবার নরসিংদীর পলাশের নিজ বাড়ি চরণগর্দীতে বাবার কবর জিয়ারত করার পর সাংবাদিকদের উদ্দেশে দেশের সর্বশেষে রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে তিনি এসব কথা বলেছেন।

নিজেকে জনগণের সেবক এবং কর্মী উল্লেখ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মঈন খান বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের পথে যাত্রার মূল ভিত্তি ছিল মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের প্রধান উদ্দেশ্যে ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন। এই দুটি লক্ষ্য নিয়েই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করেছে।

মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ জানে, আমি রাজনীতি করি জনগণের জন্য, নিজের জন্য নয়। ক্ষমতা, অর্থ, বিত্ত-বৈভব, সম্পদ আমার কাছে মূল্যহীন।

রাজনীতিক, অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী, শিক্ষক সমাজ বা শহরের অভিজাত শ্রেণি যখন ভুল করেছে, তখন দেশের দরিদ্র ও সাধারণ মানুষ, বিশেষ করে গ্রাম বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশকে সামনে নিয়ে যেতে সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন তিনি।