শিরোনাম

মুন্সীগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীকে নির্বাচিত এডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, দেশের জনগণ তারেক রহমানের ওপর ভরসা রেখেছে। তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।
মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসন থেকে নির্বাচিত এডভোকেট আব্দুস সালাম আজাদ আজ লৌহজংয়ে নিজ বাড়িতে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্যে এসব কথা বলেছেন।
এডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, বিএনপি’র হাতে গণতন্ত্র সুরক্ষা পাবে। আগামী দিনে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়া হবে। বিগত স্বৈরাচারী সরকার দেশের গণতন্ত্রকে ভূলুন্ঠিত করেছিল।
দেশের জনগণ আবার কথা বলার অধিকার পাবে, সংবাদপত্র স্বাধীনভাবে লিখতে পারবে। জনগণ হারানো ভোটাধিকার এবার যেমন ফিরে পেয়েছে আগামী দিনেও পাবে।
এলাকার বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে এডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, বিগত সরকারের সময় এখানে কোনো উন্নয়ন হয়নি। স্কুল কলেজ রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। এই এলাকাকে পদ্মা নদীর ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য স্থায়ী বেড়িবাধ নির্মাণ করা হবে।
এলাকায় একটি মেডিকেল কলেজ স্থাপনের ব্যবস্থা করা হবে। এলাকাকে মাদক সন্ত্রাসমুক্ত করা হবে। দেশকে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করা হবে। এডভোকেট আব্দুস সালাম আজাদ বিএনপি’র ধানের শীষ প্রতীক নিয়ে ১২১১৫৪ ভোটে পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন এনসিপি’র শাপলা কলির প্রার্থী মাজেদুল ইসলাম।