শিরোনাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আজ শুক্রবার বিকেলে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে প্রার্থনা সভা পরিচালনা করেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত নিখিল চক্রবর্তী।
প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাবেক সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের সভাপতি জে এল ভৌমিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি চিত্ত রঞ্জন মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল প্রমুখ।