বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৭

তাঁত শিল্পের বাজার আরও আধুনিকায়ন করা হবে: মহিত তালুকদার

বিএনপি’র আব্দুল মহিত তালুকদার। ফাইল ছবি

বগুড়া, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বগুড়ার দুপচাঁচিয়া-আদমদীঘি উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৩ সংসদীয় আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপি’র আব্দুল মহিত তালুকদার ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের নূর মোহাম্মদ পান ১ লাখ ১১ হাজার ২৬ ভোট। 

১১৮টি কেন্দ্রে ২ লাখ ৪১ হাজার ৭১৬ জন ভোট দেন, যা শতকরা ৭২ দশমিক ৬৭ শতাংশ।

বিজয়ের পর মহিত তালুকদার বলেছেন, এই আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে। 

জনগণের ভালোবাসা ও আস্থা তাকে নতুন করে কাজ করার শক্তি দিয়েছে। তিনি কৃষি, গ্রামীণ সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবার মানোন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। এছাড়াও মাছের রাজধানী খ্যাত এই অঞ্চলে জেলেদের জন্য বিশেষ উদ্যোগের পাশাপাশি হাজার কোটি টাকার তাঁত শিল্পের বাজার আরও আধুনিকায়ন করার কথা জানান তিনি। একইসঙ্গে নির্বাচনে যারা তাকে সমর্থন দিয়েছেন এবং যারা দেননি সবাইকে নিয়েই কাজ করবেন বলে জানান তিনি।