বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৯

বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালবাসে : ড.আব্দুল মঈন খান

ড. আব্দুল মঈন খান। ফাইল ছবি

নরসিংদী, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশের মানুষ রাজনীতিতে কখনও ভুল করে না। এবারের নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ বিএনপি’কে ভালবাসে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি শুক্রবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার চরনগরদীতে নিজ বাড়িতে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংবাদিকদের একথা বলেছেন।

তিনি বলেছেন, এ নির্বাচনকে ঘিরে সামাজিক মাধ্যমে কতকিছু বলা হয়েছিল। অনেক জরিপ হয়েছে এই হবে সেই হবে, কত গল্পগুজব সামাজিক মাধ্যমে দেখেছি। দেশের মানুষ কিন্তু সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। দেশে যতবার রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, প্রত্যেকবার দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা রাজনীতিবিদরা যখন ভুল করেছি, অর্থনীতিবিদরা যখন ভুল করেছে, আমাদের বুদ্ধিজীবিরা যখন ভুল করেছে, শিক্ষক সমাজ যখন ভুল করেছে, এলিট শ্রেণি যখন ভুল করেছে তখন বাংলাদেশের আপামর মানুষ ভুল করেনি।