বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৩

দিনাজপুরে নির্বাচিত বিএনপি প্রার্থী ডা. জাহিদের এলাকার উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত 

ছবি: বাসস

দিনাজপুর, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (হাকিমপুর,বিরামপুর,ঘোড়াঘাট ও নবাবগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন বিজয়ী হওয়ার পর তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার মধ্যে দিয়ে তার নির্বাচনী এলাকার নেতা-কর্মী সহ দল মত নির্বিশেষে সকলের ভোট প্রয়োগে নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আজ শুক্রবার বাদ জুম্মা তার নিজ বাড়ী জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে আগত নির্বাচন পরবর্তী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন,এতদিন এই এলাকার জনগণের প্রতি আমার কোন দায়িত্ব ছিল না। আজ আমি ক্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনে মাধ্যমে নির্বাচিত হওয়ার পর সকলের প্রতি কাজ করার দায়িত্ব এসেছে আমার উপর।

আমি আমার দায়িত্ব যথাসাধ্য পালন করার জন্য চেষ্টা চালিয়ে যাবো। তিনি বলেন,আমাদের সকলের চাহিদা অনেক, কিন্তু দেশে রাষ্ট্রীয় অর্থনৈতিক সীমাবদ্ধতা রয়েছে। আমি নির্বাচনী প্রচারণা চলাকালীন এবং তার পূর্ব হতে এই এলাকার চারটি উপজেলার জনসাধারণ ও নারী সমাজ এবং নতুন প্রজন্মের যুবক তরুণদের সঙ্গে  কথা বলে জেনেছি, তাদের আশা-আকাঙ্ক্ষা বিষয়। তিনি বলেন,চারটি উপজেলায়  প্রায় ৭০ হাজার নারী বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে। তাদের চাহিদার কথা আমি শুনেছি এবং জেনেছি। অনেক তরুণ ও যুবক বেকারত্বের মধ্যে রয়েছে, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। দীর্ঘদিনের এসব সমস্যা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ কৃষি নির্ভরশীল এই এলাকার মানুষের জীবনযাত্রা মান উন্নয়নে কাজ করে যাব। এজন্য তিনি দলের নেতা-কর্মী সহ সকল স্তরের  জনসাধারণের ধৈর্য ধারণ করতে হবে বলে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

দিনাজপুর-৬ আসনের ৪টি উপজেলায় ১৯৯টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

গতকাল বৃহস্পতিবার মধ্যে রাতে প্রকাশিত ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭শ ৩ ভোট।

বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার মধ্যে রাতে বিএনপি প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন তার প্রতিক্রিয়ায়  বলেন, আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছে, এটি আমার জন্য বড় সম্মানের। দিনাজপুর -৬ আসনের মানুষ আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তা রক্ষা করতে চাই। এলাকার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রথম অঙ্গীকার।