শিরোনাম

রাঙ্গামাটি, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাঙ্গামাটি সংসদীয় আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থী অ্যাড. দীপেন দেওয়ান বলেছেন, রাঙ্গামাটিতে সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ সকলকে নিয়ে কাজ করতে চাই। এ বিজয় শুধুমাত্র বিএনপির বিজয় না, এটা পুরো রাঙ্গামাটিবাসীর বিজয়। এ বিজয় ধরে রাখতে ভবিষ্যতে সবাইকে নিয়ে কাজ করতে চাই।
তিনি বলেন, এই বিজয়ের মধ্যে দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে। মানুষ তার গণতান্ত্রিক মত প্রকাশ করতে সক্ষম হয়েছে। মানুষের গণরায় আমাদের পক্ষে আসলেও আমরা প্রতিটি মানুষের কল্যাণের জন্য কাজ করবো।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে দীপেন দেওয়ান সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনসহ জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দীপেন দেওয়ান আরও বলেন, রাঙ্গামাটি জেলায় সুষম উন্নয়ন ও নারীদের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আগামী দিনে কাজ করা হবে। এই উন্নয়নে কোনো বৈষম্য থাকবে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সকল সেক্টরের উন্নয়ন করা হবে।
এর আগে নির্বাচনে বিজয়ী হওয়া দীপেন দেওয়ানকে আজ সকাল থেকে রাঙ্গামাটির সর্বস্তরের জনগণনের পক্ষ থেকে তার বাসভবনে দলীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ ফুলেল শুভেচ্ছা জানান।
বিজয়ের পর আজ দুপুর ১২টায় বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান জেলা বিএনপির কার্যালয়ে আসলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করায় দীপেন দেওয়ান জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।