বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৪

শিবগঞ্জবাসীর প্রত্যাশা পূরণে কাজ করবো: নবনির্বাচিত এমপি কেরামত আলী

ছবি: বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের আমির চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মাওলানা মো. কেরামত আলী বলেছেন, এই বিজয় আমার নয়। এই বিজয় জনগণের। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং শিবগঞ্জবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। শিবগঞ্জবাসীর প্রত্যাশা পূরণে কাজ করবো।

শিবগঞ্জকে একটি বসবাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চেয়ে নবনির্বাচিত এমপি কেরামত আলী বলেন সোনামসজিদ স্থলবন্দরের উন্নয়নসহ আমি শিবগঞ্জের আম শিল্পের ব্যাপক উন্নয়ন করতে চাই। তিনি বলেন আমি সকলের সহযোগিতায় পদ্মা নদী ভাঙ্গন রোধ, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধি এবং এলাকার রাস্তাঘাট ব্রীজ কালভার্টসহ অবকাঠামোগত উন্নয়ন করতে চাই।

সাবেক এ শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, আমি শিবগঞ্জের সন্তান। শিবগঞ্জবাসী আমাকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মান রক্ষা করবো ইনশাআল্লাহ।

শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. সাদিকুল ইসলাম বলেন, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমরা আজ অত্যন্ত আনন্দিত। আমরা সকলে মিলে শিবগঞ্জের উন্নয়ন করতে চাই।

শিবগঞ্জ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, আল্লাহ আমাদের কষ্ট এবং পরিশ্রমের ফল দিয়েছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তিনি বলেন মাওলানা কেরামত আলী এই উপজেলার একজন গর্বিত জনপ্রিয় ব্যক্তি। তিনি আরো বলেন আমরা আশা করি মাওলানা কেরামত আলী শিবগঞ্জের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে এমপি নির্বাচিত হয়েছেন মাওলানা কেরামত আলী।

পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৬০টি কেন্দ্রের ফলাফলে মাওলানা কেরামত আলী দাঁড়িপাল্লায় পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৮৯৩ ভোট।