বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৩

সন্ত্রাস ও মাদকমুক্ত জনপদ হবে নারায়ণগঞ্জ : আব্দুল্লাহ আল আমিন

ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেছেন, নারায়ণগঞ্জকে সন্ত্রাস ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা হবে। 

এনসিপি যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল-আমিন নির্বাচনী ফলাফল ঘোষণা পরবর্তীতে বাসসকে বলেছেন, এ জয় আমার নয়, এ অঞ্চলের সর্বস্তরের মানুষের। তারা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। মানুষের এই ভালোবাসার মর্যাদা আমি আমার কাজের মাধ্যমে দেব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৪ পরিচিত ছিলো নেগেটিভ ব্রান্ডিং ও গডফাদার শামীম ওসমানের আসন হিসেবে। এ আসনকে আমরা একটি নিরাপদ, সমৃদ্ধ ও পজেটিভ এলাকা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। সন্ত্রাসী-চাঁদাবাজ-মাদক ব্যবসায়ীদের জন্য এলাকাকে কঠিন করে তুলবো। নারায়ণগঞ্জ হবে সুন্দর, ভালো মানুষের জনপদ।

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মনির হোসাইন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট।