শিরোনাম

টাঙ্গাইল, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট আহমেদ আযম খান তার নির্বাচনী এলাকাবাসীকে নিয়ে একটি নিরাপদ জনপদ গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল্লাহ আল রনি বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনী ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খান নির্বাচিত হওয়ায় মহান আল্লাহতালার প্রতি শুকরিয়া আদায় করেন তিনি। সেই সঙ্গে টাঙ্গাইল-৮ (বাসাইল ও সখিপুর)’র সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী পাঁচ বছর এলাকার উন্নয়নে জনগণকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের অক্লান্ত পরিশ্রম ও নানা ত্যাগের মাধ্যমে এ বিজয় অর্জিত হয়েছে। এ জন্য আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ।
আপনারা জনগণের সাথে সম্পৃক্ত থেকে উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করবেন। কারণ আপনাদের ওপর নির্ভর করছে বাসাইল- সখিপুরবাসীর ভবিষ্যৎ। আগামী দিনে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এক অদম্য বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে আমাদেরকে নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে।
নির্বাচনী ফলাফল অনুযায়ী, টাঙ্গাইল-৮ (বাসাইল ও সখিপুর) আসনে বিএনপির প্রার্থী আহমেদ আযম খান (ধানের শীষ) প্রতীকে ১ লাখ ১৩ হাজার ২১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আলমগীর রাসেল (হরিণ) প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৪৬৮ ভোট।