বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩

এ বিজয়কে মানুষের ভালোবাসার মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে : কামরুজ্জামান রতন

ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জ-৩ আসনে নির্বাচিত বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান রতন বলেন, মানুষ যে প্রত্যাশা নিয়ে ধানের শীষে ভোট দিয়েছে আমাদের তাদের সম্মান দেখাতে হবে, তাদের প্রতি খেয়াল রাখতে হবে। 

তিনি বলেছেন, মুন্সীগঞ্জের উন্নয়নের স্বার্থে নিজেদের এক ও অভিন্ন হওয়ার স্বার্থে আমাদের সব কিছু ভুলে গিয়ে আগামীদিনের সুন্দর পথ চলার রাস্তা তৈরি করতে হবে।

গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে নেতা কর্মীদের উদ্দেশ্যে বিজয়ী কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান রতন এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যক্তিগত রেশারেশী ও দাম্বিকতার কারণে আমরা যেন অন্য কারও ক্ষতি না করি। এ বাংলাদেশ সবার। স্বপ্নের বাংলাদেশ গড়তে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের সকলকে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। বিজয় অর্জনকে সংরক্ষণ করতে হবে। এ বিজয়কে মানুষের ভালোবাসার মধ্যে নিয়ে যেতে হবে। এখন থেকে আমাদের সকলকে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। 

সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, সাবেক উপমন্ত্রী জেলা বিএনপির সভাপতি আব্দুর হাই ও সাবেক সংসদ সদস্য সিদ্দিকুর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচিত এ এমপি প্রার্থী বলেন, এ এলাকার উন্নয়নের জন্য তারা অবদান রেখেছেন। তাদের অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। তাদের কাজগুলো চালু রাখবো যাতে এ এলাকার উন্নয়ন অব্যাহত থাকে। আমাদের কাজ হবে তারেক রহমানের নেতৃত্বে মানুষের কল্যাণের জন্য কাজ করা। মুন্সীগঞ্জের মানুষের জন্য আমরা কাজ করতে চাই। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. মোশারফ হোসেন পুস্তি, মুন্সীগঞ্জ পৌর সভার সাবেক চেয়ারম্যান এ কে এম এরাদত হোসেন মানু, মো. শহীদ কমিশনার, জিপি এডভোকেট মো. তোতা মিয়া।  

মো. কামরুজ্জামান রতন ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন।