বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০

স্বাধীনতা ও গণতন্ত্রের বিজয় হয়েছে : নাটোরে নবনির্বাচিত আজিজ 

ছবি: বাসস

নাটোর, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেছেন, এই বিজয় স্বাধীনতার স্বপক্ষ শক্তি এবং গণতন্ত্রকামী মানুষের বিজয়।

নির্বাচনি ফলাফল ঘোষণার পরে বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে আব্দুল আজিজ বলেন, স্বাধীনতার স্বপক্ষ শক্তি একত্রিত হয়ে বিজয় ছিনিয়ে এনেছে। এই বিজয় বাংলাদেশের। গুরুদাসপুর ও বড়াইগ্রামের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই ফলাফলে।

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ আরো বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আগামীতে পথ চলতে চাই। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। যে-সব কাজ হয়নি বিগত দিনে, সবাইকে সাথে নিয়ে সেই অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে চাই।

নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ এক লাখ ৭০ হাজার ৫৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল হাকিম পেয়েছেন এক লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট।