বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২

চলনবিলে শান্তির জনপদ গড়ে তুলবো : অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম

ছবি: বাসস

নাটোর, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : নাটোর-৩ (সিংড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সবাইকে সাথে নিয়ে চলনবিলকে শান্তির জনপদ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন।

বেসরকারি ফলাফল ঘোষণার পরে বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে নিজ বাসভবনে অধ্যক্ষ আনু বাসসকে বলেন, বিপুল ভোটে আমাকে নির্বাচিত করার জন্যে সিংড়াবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাদের অভিনন্দন জানাই, এই বিজয় তাদের। তবে সব সময়ে সব পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে চলতে হবে। আনন্দ-উল্লাসে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করা যাবে না।

নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনু আরো বলেন, চলনবিলের মানুষের সুখ-শান্তি নিশ্চিত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাবো। বৈচিত্র্যে ভরপুর চলনবিলের জীববৈচিত্র্য রক্ষাসহ চলনবিলের উন্নয়নে কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করতে চাই। 

আনোয়ারুল ইসলাম এক লাখ ১৯ হাজার ৭৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ পেয়েছেন ৬৬ হাজার ৪৯২ ভোট।