বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬

পরাজিতদের নিয়েই আমাদের বিজয়কে মহিমান্বিত করবো: পঞ্চগড়ের বিজয়ী প্রার্থী 

ছবি: বাসস

পঞ্চগড়, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): নতুন প্রত্যয়ে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে কাজ করতে চান জেলার বিজয়ী দুই সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বিজয়ী প্রার্থীরা বাসসকে এ কথা বলেন।  

তারা বলেন, ‘পরাজিতদের সাথে নিয়েই আমরা আমাদের এই বিজয়কে মহিমান্বিত করবো।’ 

পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলা দুইটি সংসদীয় আসনে বিভক্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইটি আসনেই বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির এবং ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার গভীর রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণার পর তারা এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নতুন বাংলাদেশ গঠনে সামনের দিনে সবাইকে সাথে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। 

পঞ্চগড়-১ আসনে বিজয়ী প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। তিনি বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। 

পঞ্চগড়-২ আসনে বিজয়ী প্রার্থীর নাম ফরহাদ হোসেন আজাদ। তিনি বিএনপির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী সফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।

ব্যারিস্টার নওশাদ জমির বলেন, সংশ্লিষ্ট সবাই নির্বাচন পরিচালনার জন্য দিনরাত এক করে প্রচুর কাজ করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের জেলার উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। আমাদের চেষ্টাটা অব্যাহত থাকবে। 

তিনি বলেন, ‘দলমত নির্বিশেষে আমাদের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মতপার্থক্যের ব্যাপারেও আমরা একমত হবো।’ 

ফরহাদ হোসেন আজাদ বলেন, এই বিজয় আমাদের একক নয়। যারা পরাজিতও হয়েছেন তাদের নিয়ে আমরা আমাদের বিজয় মহিমান্বিত করবো। আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ার জন্য সবাই মিলে যেন আমরা একসঙ্গে কাজ করতে পারি।