বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫

সবাইকে সাথে নিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ে তুলবো : দুলু

নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ফাইল ছবি

নাটোর, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সবাইকে সাথে নিয়ে সুন্দর নাটোর গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন। 

গত রাতে নিজ বাসভবনে এই ইচ্ছার কথা উল্লেখ করে দুলু বলেন, নাটোরের সাংবাদিকসহ সব গুণী, জ্ঞানী, বুদ্ধিজীবী, সাধারণ সব শ্রেণির মানুষের সাথে আলোচনা করে নাটোরকে গড়ে তুলতে চাই।

বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস বলেন, ‘সব শ্রেণির মানুষ আমাকে সমর্থন দিয়ে সেবা করার সুযোগ দেওয়ায় নাটোর ও নলডাঙ্গাবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। আমি যে নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছি, তা অক্ষরে অক্ষরে পালন করতে চাই।’

তিনি বলেন, ‘৫ আগস্টের আগে নাটোরে যে অন্যায়, অবিচার, সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনের ঘটনা ঘটেছে, আমি আগামীতে আর হতে দেব না। ’

নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এক লাখ ৬২ হাজার ৮৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক ইউনুস আলী পেয়েছেন এক লাখ ৩০ হাজার ৬৬ ভোট।