বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৬
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৮

রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ছবি : বাসস

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার সকালে তিনি রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে বের হন।

প্রথমে মহাখালী এলাকার একটি কেন্দ্র পরিদর্শন করেন। পরে পর্যায়ক্রমে সাততলা বস্তি, করাইল বস্তি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, মিরপুর ডিওএইচএস, মিরপুর-১৪, ভাষানটেক, মিরপুর-১০, টেকনিক্যাল এলাকা, ধানমন্ডি-২৭, ধানমন্ডি-৩২ ও কারওয়ান বাজার হয়ে গুলশান এলাকার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলেন এবং ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি উপস্থিত সাধারণ ভোটারদের সঙ্গেও কুশল বিনিময় করেন। হঠাৎ তাকে কাছে পেয়ে অনেক ভোটার আবেগাপ্লুত হন। অনেকে তার সঙ্গে ছবি তোলেন।

কেন্দ্রগুলো ঘুরে তিনি ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করেন। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে কি না- সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় দলীয় নেতাকর্মীরাও তার সঙ্গে ছিলেন।

ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে তারেক রহমান অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।