বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০

ভোট দিলেন সারজিস আলম

ছবি : বাসস

পঞ্চগড়, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি নিজের ভোট দেন। এ সময় তার বাবা আক্তারুজ্জামান ও ভাই শাহাদাত হোসেন সাকিবও ভোট দেন। তারা একসঙ্গে কেন্দ্র প্রাঙ্গণে আসেন এবং কিছু সময় সেখানে অবস্থান করেন।

সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সারজিস আলম কেন্দ্রের বাইরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে নির্ধারিত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা শেষে কেন্দ্রে প্রবেশ করে ভোট দেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি জানান, উৎসবমুখর পরিবেশে তিনি এনসিপি’র প্রতীক ‘শাপলা কলি’তে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘জনগণের ভোট ও মতামতের প্রতি আস্থা রাখতে হবে। প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখা জরুরি। ভোটগ্রহণের সঙ্গে সম্পৃক্ত প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদার আচরণ প্রত্যাশা করি।’

সারজিস জানান, রাজনৈতিক দলগুলো ন্যূনতম উদার মানসিকতা দেখালে সুষ্ঠু নির্বাচন সম্ভব। পাশাপাশি নেতাকর্মীদের সহনশীল আচরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল্লাহ জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পঞ্চগড়-১ আসনে সারজিস আলমের সঙ্গে আরও ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির উল্লেখযোগ্য। তিনি বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এবং সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দুইটি আসন নিয়ে গঠিত পঞ্চগড় জেলায় মোট ২৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে ২৯টি কেন্দ্র বিশেষ গুরুত্বপূর্ণ এবং ২৫৭টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পঞ্চগড়-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন। এখানে কেন্দ্র ১৫৫টি। পঞ্চগড়-২ আসনে ভোটার ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন। এখানে কেন্দ্র ১৩১টি।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জেলায় ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৮০০ জন সেনাসদস্য, ৮৫০ জন বিজিবি সদস্য, ১ হাজার ২০০ জন পুলিশ সদস্য, ৭৮ জন আনসার ব্যাটালিয়ন সদস্য এবং প্রতি কেন্দ্রে ১৩ জন করে মোট ৩ হাজার ৭৩১ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে।