
ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি’র জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ও অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানায়, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে (শেরপুর-৩ ব্যতীত) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে নিরাপদে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। কোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে ভোট দিতে ভোটারদের প্রতি অনুরোধ জানাচ্ছে নির্বাচন কমিশন।