বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৪
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৬

যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান 

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। ফাইল ছবি

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারাই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, জনগণ তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

তিনি বলেন, নির্বাচনে বাধা সৃষ্টি বা বিশৃঙ্খলার চেষ্টা যে-ই করুক না কেন, জনগণ তা মেনে নেবে না।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

এর আগে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য গিয়াসউদ্দিন রিমন উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আগামীকাল কোনো অবস্থাতেই আমরা নির্বাচনের মাঠ থেকে সরবো না। নির্বাচন যে-ই প্রতিরোধের চেষ্টা করবে বা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, আমাদের কিছু করা লাগবে না, জনগণ নিজেরাই তাদের প্রতিহত করবে। এমনকি আমরাও যদি তা করি, জনগণ আমাদেরও প্রতিহত করবে।’

এ সময় সাংবাদিকদের প্রশ্নে নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের আশা ছিল কমিশন আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। আমরা কয়েকটি জায়গায় টাকা বিতরণের সুনির্দিষ্ট ভিডিও প্রমাণসহ অভিযোগ দিয়েছি, কিন্তু কমিশন বলছে বিষয়টি জুডিশিয়াল কমিটির কাছে পাঠানো হয়েছে। আমরা মনে করি, এই জবাব যথেষ্ট নয় এবং আরও দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল।’

নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা পরিবর্তনের প্রতিপক্ষ এবং যারা নির্বাচনে নিজেদের পরাজয় সম্পর্কে নিশ্চিত, তারা নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে। তবে সব ষড়যন্ত্রের বিপরীতে নির্বাচনের পক্ষে জনগণের আগ্রহ অনেক বেশি শক্তিশালী। আমরা বিশ্বাস করি, ইনশাআল্লাহ নির্বাচন সুষ্ঠু হবে এবং আমরা আমাদের বিজয়ের ব্যাপারে নিংসন্দেহ।’