শিরোনাম

রাজশাহী, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজশাহী জেলা পুলিশের গুরুত্বপূর্ণ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী জেলা পুলিশ লাইন্স মাঠে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডের সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
ব্রিফিংয়ে পুলিশ সুপার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশ বাহিনীর পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এ টি এম মইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হেলেনা আকতারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।