শিরোনাম

-ওমর ফারুক-
রাজশাহী, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দরজায় কড়া নাড়ছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। আসন্ন সংসদ নির্বাচন এবং সেইসঙ্গে যুক্ত হওয়া সরকারি ছুটিকে কেন্দ্র করে বিভাগীয় শহর রাজশাহী ছাড়তে শুরু করেছেন মানুষ।
আগামীকাল বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা চার দিনের ছুটি মিলছে। এই ছুটিতেই নারীর টানে বাড়িতে ফিরে যাচ্ছেন মানুষ। সোমবার থেকেই শহর ছাড়ার হিড়িক পরলেও আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাপক মানুষকে শহর ছাড়তে দেখা গেছে।
রাজশাহী রেলওয়ে স্টেশন এবং আন্তঃজেলা বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার সকাল থেকেই নগরীর শিরোইল, ভদ্রা এবং নওদাপাড়া বাস টার্মিনালে যাত্রীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিশেষ করে যারা রাজশাহীতে চাকরি বা পড়াশোনার সূত্রে বসবাস করেন, তারা এই দীর্ঘ ছুটিকে কাজে লাগিয়ে গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ভোট দিতে এবং সময় কাটাতে শহর ছাড়ছেন।
বাস কাউন্টারগুলোর তথ্যমতে, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং পাবনা অভিমুখী বাসগুলোতে তিল ধারণের জায়গা নেই। অনেক যাত্রী অভিযোগ করেছেন, চাহিদার তুলনায় বাসের সংখ্যা কম হওয়ায় এবং অগ্রিম টিকিট শেষ হয়ে যাওয়ায় তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, প্রতিটি ট্রেনেই যাত্রীদের উপচে পড়া ভিড়। ঢাকাগামী সিল্কসিটি বা পদ্মা এক্সপ্রেসের পাশাপাশি উত্তরবঙ্গগামী লোকাল ট্রেনগুলোতেও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।
স্টেশন মাস্টার জানান, নির্বাচনের কারণে সাধারণ মানুষের মাঝে বাড়ি ফেরার এক ধরনের তাগিদ কাজ করছে। আমরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছি।
শহর ছাড়ার বিষয়ে বেসরকারি চাকরিজীবী মাসুম বলেন, দীর্ঘ সময় ধরে ভোট দিতে পারিনি। এবারের নির্বাচনের ভোট দেওয়া হাতছাড়া করতে চাচ্ছি না। আবার ছুটিও রয়েছে, তাই বাড়ির দিকে যাচ্ছি।
মরিয়ম নামের এক কলেজ শিক্ষার্থী বলেন, ছুটিতে এখানে থাকার সুযোগ নেই। ছুটিটাও বড়, এ জন্য বাড়িতে যাচ্ছি। ভোট দেবো প্রথমবারের মতো। এ জন্য আলাদাভাবে আনন্দ অনুভব হচ্ছে।
তবে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ থাকলেও কড়া নিরাপত্তার বিষয়টিও চোখে পড়ার মতো। র্যাব ও পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অস্ত্র ও ককটেল উদ্ধারের ঘটনা ঘটছে। এরমধ্যেই নিরাপত্তার চাদরে ঢাকা রাজশাহী ছেড়ে নাড়ির টানে বাড়ির পথে ছুটছেন হাজারো মানুষ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে টার্মিনাল ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে নাশকতামূলক কর্মকাণ্ড রোধে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। নাগরিকদের নিরাপত্তা দিতে পুলিশ বদ্ধপরিকর।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে আজ রাত বারোটা থেকেই বন্ধ হয়ে যাচ্ছে যানবাহন চলাচল। শুধুমাত্র অনুমোদন প্রাপ্ত এবং জরুরি কিছু যানবাহন ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।