বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৬
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৫

মানুষ দেশ পরিবর্তনের স্বপ্ন দেখছেন: ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম

আজ উত্তরার আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহের পূর্ব গেটে আয়োজিত এক মহিলা সমাবেশে কথা বলেন ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম। ছবি: বাসস

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী আরিফুল ইসলাম বলেছেন, মানুষ দেশ পরিবর্তনের স্বপ্ন দেখছে। সেই প্রত্যাশিত পরিবর্তন আগামী ১২ ফেব্রুয়ারি গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমেই বাস্তবায়িত হবে। আর এই পরিবর্তনের কাণ্ডারি হবেন নারীরা।

আজ উত্তরার আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহের পূর্ব গেটে আয়োজিত এক মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়েত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা-১৮ আসনে জামায়েত ইসলামী মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) এ জি এস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা এবং কার্যকরী সদস্য (নারী) নুসরাত জাহান ইমা প্রমুখ।

আরিফুল ইসলাম আরও বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। তারা আর সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি দেখতে চায় না। মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য সংস্কার, বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে।

তিনি বলেন, ১১ দলীয় জোটের মাধ্যমে মানুষ ইনসাফের বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছে। শহীদ ওসমান হাদী হত্যার প্রসঙ্গ টেনে আরিফুল ইসলাম বলেন, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েই হাদী ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তবে আমাদের মায়েরা শুধু একজন হাদীকে জন্ম দেননি, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য তারা লক্ষ লক্ষ হাদীকে জন্ম দিয়েছেন।

পরে উত্তরার আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আরিফুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাস, চাঁদাবাজ ও নারী নিপীড়নের বিরুদ্ধে নারীদের প্রতিরোধ যাত্রা শুরু হয়। প্রতিরোধ যাত্রাটি জসিমউদ্দীনে গিয়ে শেষ হয়।