শিরোনাম

ঢাকা, ১ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ বিমান বাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (ট্র্যাডক) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (ট্র্যাডক) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথি বিমান বাহিনীর প্রশিক্ষণ সমন্বয় এবং ডক্ট্রিন ও ট্যাকটিকস প্রণয়ন বিষয়ে সর্বোচ্চ সংস্থা হিসেবে অত্র প্রতিষ্ঠানের যাত্রা শুরুর বিষয়ে দৃঢ় আস্থা এবং আশাবাদ ব্যক্ত করেন।
তিনি তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বিমান বাহিনীকে যুগোপযোগী এবং কৌশলগতভাবে কার্যকর রাখতে পরিকল্পিত ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং সামরিক শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন।
ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড সরাসরি বিমান বাহিনী প্রধানের অধীনে পরিচালিত হবে, যা কৌশলগত সামঞ্জস্য এবং সময়োপযোগী নীতিগত দিকনির্দেশনা নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পনা, অপারেশন, প্রশিক্ষণ এবং মূল্যায়নের ক্ষেত্রে বিমান সদরের সংশ্লিষ্ট অধিদপ্তর সমূহের সাথে কার্যকর সমন্বয় বজায় রাখবে। ‘ট্রান্সফরমেশন থ্রো উইসডম’ এই মূলমন্ত্র অনুসরণ করে এই প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনীর সকল প্রশিক্ষণ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ, ডক্ট্রিন ও ট্যাকটিকস প্রণয়ন ও হালনাগাদ, অপারেশনাল উৎকর্ষতা সাধন এবং সর্বোপরি একটি যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, এয়ার অধিনায়ক বিমান বাহিনী ঘাঁটি বাশার ও ঘাঁটি এ কে খন্দকার, কমান্ড্যান্ট ট্র্যাডক এবং বিমান সদরের পরিচালকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।