শিরোনাম

ঢাকা, ১ মার্চ, ২০২৬ (বাসস) : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা’র মাতা হুরন নাহার রশিদের জানাজার নামাজে বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছেন।
আজ রোববার বাদ আছর জানাজা শেষে মানিকগঞ্জের গিলন্ড মুন্নু সিটিতে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
জানাজার নামাজে মরহুমার বড় জামাতা মুন্নু গ্রুপের চেয়ারম্যান মো. মইনুল ইসলাম, ছোট জামাতা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত, বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র ড. খন্দকার আকবর হোসেন (বাবলু)সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা শরিক হন।
এর আগে আজ ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুরন নাহার রশিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্র জানায়, তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩বছর।
মরহুমা হুরুন নাহার বিএনপি চেয়ারপার্সনের সাবেক শিল্প বিষয়ক উপদেষ্টা ও দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিনী।
হুরন নাহার রশিদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘হুরন নাহার রশিদ এর মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি।
মরহুমা হুরন নাহার রশিদ একজন আদর্শ নারী হিসেবে রাজনীতিবিদ স্বামী ও সন্তানদের সবসময় ভাল কাজে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মহিলা। মহান রাব্বুল আলামীন যেন এই গভীর শোকে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন, কায়মনোবাক্যে সেটিই কামনা করি।’
বিএনপি মহাসচিব শোকবার্তায় হুরন নাহার রশিদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা, ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খান এফসিএ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।