শিরোনাম

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পুনর্গঠিত দু’টি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দেয়া মানবতাবিরোধী অপরাধের তিন মামলার রায়ে ২৬ আসামি সাজা ও একজন ক্ষমা পেয়েছেন।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের সর্বশেষ এই পরিসংখ্যান তুলে ধরেন।
চিফ প্রসিকিউটর বলেন, এখন পর্যন্ত ফরমাল চার্জ দাখিল হয়েছে ২৪ টি (ট্রাইব্যুনাল-১ এ ১৮ টি ও ট্রাইব্যুনাল-২ এ ৬ টি)। আর বিচার চলছে ২১ টি মামলার (ট্রাইব্যুনাল-১ এ ১৬ টি ও ট্রাইব্যুনাল-২ এ ৫ টি)। রায় ঘোষণা করা হয়েছে তিনটির (ট্রাইব্যুনাল-১ এ দুইটি ও ট্রাইব্যুনাল-২ এ একটি)।
তিনি বলেন, এখন পর্যন্ত ট্রাইব্যুনালের রায়ে সাজাপ্রাপ্ত হয়েছেন ২৬ জন, ক্ষমা পেয়েছেন একজন। দু’টি ট্রাইব্যুনালে চলমান মামলায় মোট আসামি ৪৫৭ জন। গ্রেপ্তারকৃত আসামি ১৬১ জন। পলাতক ২৯৩ জন। জামিনপ্রাপ্ত আসামি একজন। মারা গেছেন একজন আর খালাস পেয়েছেন একজন।
চলমান মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিসহ অন্যান্য সিভিলিয়ান গ্রেপ্তার হয়েছেন ৭৪ জন। আর পুলিশ সদস্য ৬৫ জন। সেনাসদস্য ২০ জন ও আনসার সদস্য একজন।
চিফ প্রসিকিউটর বলেন, দু’টি ট্রাইব্যুনালে বিবিধ মামলা রয়েছে ৩৪টি (ট্রাইব্যুনাল-১ এ ৩২টি ও ট্রাইব্যুনাল-২ এ দুইটি)। এসব মামলায় আসামি ২০৭ জন। যার মধ্যে গ্রেপ্তার ৯৬ জন ও পলাতক ১২৫ জন।