বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫১
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৫

রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান

রোববার বিকেলে মিরপুর পল্লবীর ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠ ময়দানে ঢাকা-১৬ আসনের নির্বাচনী পথসভায় তারেক রহমান কথা বলেন। ছবি: বাসস

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং রাষ্ট্র পুনর্গঠনই এখন বিএনপির প্রধান লক্ষ্য।’

তিনি বলেছেন, ‘রাজনীতির ময়দানে কেবল বিপক্ষ দলের সমালোচনা কিংবা গিবত গেয়ে জনগণের কোনো লাভ হবে না; বরং জনগণের মঙ্গলে কাজ করাই হবে প্রকৃত রাজনৈতিক লক্ষ্য। আমাদের কাছে সবার আগে দেশ। যেকোনো মূল্যে এই দেশকে গড়ে তুলতে হবে।’

আজ রোববার বিকেলে মিরপুর পল্লবীর ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠ ময়দানে ঢাকা-১৬ আসনের নির্বাচনী পথসভায় তারেক রহমান এসব কথা বলেন। পল্লবীর এই পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এই পথসভায় দেশের মানুষের জন্য একগুচ্ছ অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এছাড়া কৃষকদের ভাগ্য উন্নয়নে ‘কৃষি কার্ড’ প্রবর্তনের পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হবে।

দেশের মানুষের নিরাপত্তা ও সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান স্পষ্টভাবে জানান, জনগণের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সবার আগে ঠিক করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে বিএনপি ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করবে।

ঢাকা-১৬ আসনের স্থানীয় সমস্যা সমাধানে বিশেষ গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, ‘এই এলাকার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন হাসপাতাল নির্মাণ করা হবে। একইসঙ্গে বেকারত্ব দূরীকরণে যারা কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যেতে ইচ্ছুক, তাদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে আগামী দিনের বিএনপি সরকার।’

তারেক রহমান বলেন, ‘এই এলাকায় জলাবদ্ধতা সমস্যা, হাসপাতালের সমস্যা রয়েছে। ইনশাআল্লাহ আমরা এসব সমস্যার সমাধান করব। আমি আপনাদের প্রতিবেশী হিসেবে ঢাকা-১৬ আসন দেখার দায়িত্ব আমার মধ্যে পড়ে। ইনশাআল্লাহ আপনাদের সন্তান হিসেবে, আপনাদের প্রতিবেশী হিসেবে আমি আপনাদের সাথে যেমন আগেও ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো।’

ঢাকা- ১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তারেক রহমান তার হাতে ধানের শীষ তুলে দিয়ে বলেন, আপনারা ১২ তারিখ পর্যন্ত তাকে দেখে রাখবেন। ইনশাআল্লাহ আমিনুল হক জিতলে পরে ১৩ তারিখ থেকে আমিনুল এলাকার মানুষের দেখভাল করছে কি না, এই এলাকার উন্নয়নের কাজ করছে কি না, সেটি দেখার দায়িত্ব ইনশাআল্লাহ আমার।

এর আগে তারেক রহমান নিজের নির্বাচনী আসন ঢাকা-১৭ এর আওতাভুক্ত ইসিবি চত্বরে পথসভায় বক্তব্য রাখেন।