বাসস
  ১৯ জুলাই ২০২৬, ১৬:১৯
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৭:৩৭

ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, নারী হকিতে এক গৌরবোজ্জ্বল মুহূর্ত

ছবি : আইএসপিআর

ঢাকা, ১৯ জুলাই ২০২৬ (বাসস) : ওমানের মাসকটে অনুষ্ঠিত উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে সাহসী কন্যারা। পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য, শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং অদম্য লড়াকু মানসিকতা দেশের জন্য বয়ে এনেছে অনন্য গৌরব।

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন এর যে ধারাবাহিক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে, এই ঐতিহাসিক অর্জন তারই একটি উজ্জ্বল প্রতিফলন। এ সাফল্য বাংলাদেশের নারী হকির ধারাবাহিক অগ্রগতিকে আরও বেগবান করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি  এই ঐতিহাসিক মুহূর্তে ওমানে উপস্থিত থেকে বাংলাদেশ নারী জুনিয়র হকি দলের সাফল্যে উৎসাহ ও অভিনন্দন জানান। বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি হিসেবে বিমান বাহিনী প্রধান সর্বদাই দেশের হকির সার্বিক উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে নিবিড়ভাবে খোঁজখবর রেখে আসছেন এবং খেলোয়াড়দের উন্নয়নে ধারাবাহিক দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করে চলেছেন। তাঁর উপস্থিতি খেলোয়াড়দের জন্য ছিল অনুপ্রেরণার উৎস এবং দেশের ক্রীড়াঙ্গনের প্রতি সশস্ত্র বাহিনীর আন্তরিক সমর্থনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। 

ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পুরো টুর্নামেন্টজুড়ে গ্যালারিতে উপস্থিত থেকে বাংলাদেশ নারী জুনিয়র হকি দলকে প্রাণবন্ত সমর্থন ও উৎসাহ প্রদান করেন। বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি তাঁদের এই আন্তরিক সমর্থন ও দেশপ্রেমের জন্য আনতরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ওমানে সরকারি সফরকালে বিমান বাহিনী প্রধান আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)-এর প্রেসিডেন্ট, হকি ওমানের প্রেসিডেন্ট, এশিয়ান হকি ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আন্তর্জাতিক হকি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ঠ বিভিন্ন বিষয়, বিশেষ করে বাংলাদেশের হকির উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।