বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৩

ছাত্রকে দিয়ে উত্তরপত্র মূল্যায়নে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): আলিম পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে শিক্ষার্থীদের দিয়ে খাতা দেখানোর অপরাধে নরসিংদীর গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

একই সঙ্গে এ শিক্ষককে আজীবনের জন্য বোর্ডের সব পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম থেকে অযোগ্য ঘোষণা ও পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নরসিংদী জেলার মাধবদী উপজেলার গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদরাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন আলিম ২০২৬ সালের পরীক্ষার উত্তরপত্র নিজে না দেখে শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করাচ্ছেন—এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়টি দৃষ্টিগোচর হওয়া মাত্রই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

শিক্ষামন্ত্রীর নির্দেশনার পর বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বাদি হয়ে অভিযুক্ত শিক্ষক মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে মাধবদী থানায় ‘পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০’ এর অধীনে একটি মামলা দায়ের করেন।