বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৭

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের আহত হওয়ার ঘটনায় জামায়াতের উদ্বেগ

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়া এবং শতাধিক আন্দোলনকারীর আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রারত নেতাকর্মীদের ওপর পুলিশি দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ এবং গুলিবর্ষণের ফলে যেভাবে সাধারণ আন্দোলনকারীরা আহত হয়েছেন, তা ন্যক্কারজনক। বিশেষ করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়া এবং অন্যান্য নেতাকর্মীরা মারাত্মকভাবে আহত হওয়ার বিষয়টি গভীরভাবে উদ্বেগজনক।