বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৫

মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ১০ পাচারকারী আটক

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ দশজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। ছবি: বাসস

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ দশজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। 

আজ বুধবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪ টায় সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালায় টেকনাফ কোস্ট গার্ড স্টেশন ও আউটপোস্ট শাহপরী। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ দশজন পাচারকারীকে আটক করা হয়।

তিনি বলেন, জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।