শিরোনাম

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : তারুণ্যের স্বপ্ন ও চাহিদাকে প্রাধান্য দিয়ে একটি উন্নত ও বৈষম্যহীন ফেনী গড়ে তোলার অঙ্গীকার করেছেন ফেনী-২ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
আজ বুধবার দুপুরে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় সংস্কার’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ অঙ্গীকারের কথা জানান।
সভায় তরুণ সংগঠকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মঞ্জু এবং ফেনীর উন্নয়ন ও দীর্ঘদিনের সমস্যার সমাধানে সবার সহযোগিতা কামনা করেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গঠনে ফেনীর তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাষ্ট্র পরিচালনায় যোগ্য ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে তারুণ্যের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট সার্ক রিজিয়নের ডেপুটি কো-অর্ডিনেটর হাসান মাহমুদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত এবং নিউজ সিভিএম ডটকমের সম্পাদক দিদারুল আলম মজুমদার বক্তব্য দেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক মুহাইমিন তাজিম।
অনুষ্ঠানে ফেনীর বিভিন্ন এলাকার কয়েকশ’ তরুণ অংশগ্রহণ করেন। পাশাপাশি ১১ দলীয় ঐক্যের শরিক রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে গণসংযোগ করেন মজিবুর রহমান মঞ্জু। এ সময় তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে দীর্ঘদিন ধরে বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার রক্ষার আশ্বাস দেন।
গণসংযোগকালে তিনি বলেন, দেশের সকল নাগরিক অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক অধিকার সমানভাবে ভোগ করতে পারছে না। এই পাঁচটি মৌলিক অধিকারের নিশ্চয়তা নিশ্চিত করতেই আমাদের রাজনীতি। অধিকারবঞ্চিত মানুষের অধিকার রক্ষায় আমরা বদ্ধপরিকর।
দুর্নীতি প্রসঙ্গে মঞ্জু বলেন, রাষ্ট্রের পর্যাপ্ত সামাজিক নিরাপত্তা কর্মসূচি থাকা সত্ত্বেও দুর্নীতির কারণে প্রকৃত উপকারভোগীরা ন্যায্য সেবা থেকে বঞ্চিত হন। তিনি দুর্নীতিমুক্ত জনপ্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, যাদের ভোট দিলে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হবে এবং সঠিক বণ্টন নিশ্চিত হবে—তাদেরই নির্বাচিত করা উচিত। ‘আমরা কারো হক নষ্ট করব না, বরং বঞ্চিতদের অধিকার রক্ষা করব’—এমন প্রতিশ্রুতি দেন তিনি।
গণসংযোগকালে ছনুয়া বাজার, টঙ্গীরপাড়, কোম্পানি বাজার ও কাজিরদিঘি এলাকার সাধারণ মানুষের সঙ্গে তাদের সমস্যা ও করণীয় নিয়ে কথা বলেন মঞ্জু।
এ সময় জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, এবি পার্টির জেলা সদস্য সচিব ফজলুল হক, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইমরান, সেক্রেটারি আবদুল্লাহ আল মামুনসহ জামায়াতে ইসলামী, এবি পার্টি ও এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।