বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫১

ডিএসসিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি কিবরিয়া, সম্পাদক আতাহার

ডিএসসিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক আতাহার আলী খান। ছবি: কোলাজ

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী গোলাম কিবরিয়া। সাধারণ সম্পাদক হয়েছেন সংস্থাটির কর কর্মকর্তা আতাহার আলী খান।

মঙ্গলবার ডিএসসিসির বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কণ্ঠভোটে অ্যাসোসিয়েশনের এই শীর্ষ নেতৃত্ব নির্বাচন করা হয়। অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসসিসির কর্মকর্তাদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে অফিসার্স অ্যাসোসিয়েশন গঠনের প্রয়োজনীয়তা, গঠনতন্ত্র প্রণয়ন এবং স্থায়ী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়। সভায় ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ও সাত সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

ডিএসসিসিতে কর্মরত কর্মকর্তাদের পেশাগত অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিত করা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে এই সংগঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও উল্লেখ করা হয়, অবিলম্বে সভা আহ্বান করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এ ছাড়া সংগঠনের গঠনতন্ত্র, সদস্য ফরম ও আনুষঙ্গিক প্রয়োজনীয় রূপরেখা প্রণয়ন করা হবে বলে জানানো হয়েছে। নতুন গঠিত এই কমিটির মেয়াদ হবে দুই বছর।

কর কর্মকর্তা মজিবর রহমান ও আবু নাসের সহ-সভাপতি, ব্যবস্থাপক পরিবহন গোলাম মোর্শেদ যুগ্ম সাধারণ সম্পাদক, কর কর্মকর্তা কাজী সুমনা ইয়াসমিন সহ-সাধারণ সম্পাদক, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আলী মনসুর কোষাধ্যক্ষ, কর কর্মকতা এনামুজ্জামান শাহেদ সাংগঠনিক সম্পাদক, ভান্ডার ও ক্রয় কর্মকর্তা কামাল হোসেন দপ্তর সম্পাদক, কর কর্মকর্তা আনিসুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক, গবেষণা কর্মকর্তা আসাদুজ্জামান তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, নকশা কারক কানিজ মান্তাসা নারী বিষয়ক সম্পাদক, উপকর কর্মকর্তা এম. এম. জাকির হোসেন সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, সহকারী সমাজ কল্যাণ কর্মকর্তা শাহানুরী সমাজ কল্যাণ সম্পাদক এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিঠুন চন্দ্র শীলকে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

সাত সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন- অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী বোরহান উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) মাহতাব আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) সফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীন ও ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান ডা. আশরাফুল হাসান।