বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৯

জিসিএম কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে বাংলাদেশ

ছবি : বাসস

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন এবং অভিবাসীদের অধিকার সুরক্ষায় দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম)-এর জন্য জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান-এনএপি) চূড়ান্ত করেছে বাংলাদেশ।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আজ জানিয়েছে, গতকাল সোমবার অনুষ্ঠিত এক বহুপক্ষীয় পরামর্শ সভার মাধ্যমে জিসিএম জাতীয় কর্মপরিকল্পনার ‘সফট অ্যাডপশন’ সম্পন্ন হয়।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নিয়ামত উল্লাহ ভূঁইয়া এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম যৌথভাবে সভায় সভাপতিত্ব করেন।

এই প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত এবং অভিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদের সমন্বয় ঘটে। 

বাংলাদেশ মাইগ্রেশন কমপ্যাক্ট টাস্কফোর্সের দিকনির্দেশনায় খসড়া প্রণয়ন প্রক্রিয়ায় আইওএম বাংলাদেশ কারিগরি সহায়তা প্রদান করেছে।