বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৩

কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন ৪০ কোস্ট গার্ড সদস্য

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : কৃতিত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ কোস্ট গার্ডের ৪০ সদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের ১০ সদস্যকে বাংলাদেশ কোস্ট গার্ড পদক, ১০ জনকে বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক, ১০ জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক এবং ১০ জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তদের মধ্যে কোস্ট গার্ডের কর্মকর্তা, নাবিক ও বেসামরিক সদস্যরা রয়েছেন। 

পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণি।

বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের উপকূলীয় দুর্গম অঞ্চল, নদীপথ ও সমুদ্রসীমায় সার্বক্ষণিক উপস্থিতির মাধ্যমে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাহিনীটি দেশের অভ্যন্তরীণ নদী ও সমুদ্রপথে এবং উপকূলীয় এলাকায় জানমাল রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মৎস্য সম্পদ সংরক্ষণ, মাদক পাচার রোধ, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং জাতীয় স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করছে।