বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৯

নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর জোর দিলেন সংলাপে বক্তাগণ 

ছবি: বাসস

সিলেট, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে হবে। একই সাথে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্যে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সিলেটে অনুষ্ঠিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : সিলেট অঞ্চলের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতরণে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক এক নির্বাচনী সংলাপে এসব কথা বলেন বক্তারা। আজ বেলা ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার জোট ‘ভয়েস নেটওয়ার্ক’ ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘ইম্পেক্ট ইনিশিয়েটিভ’-এর সহযোগিতায় এ সংলাপের আয়োজন করা হয়।

সংলাপে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের চার উপজেলার ১৯টি আসনের প্রার্থীদের হলফনামার বিশ্লেষণ তুলে ধরেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একদল শিক্ষার্থী। এই হলফনামার বিশ্লেষণ ও আসন্ন নির্বাচনের পূর্বে নানা অসংগতি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও আলোচনা তুলে ধরেন বিভিন্ন সংস্থা, সম্প্রদায়, পেশাজীবী, মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. সাহাবুল হক।

শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান সৈয়দ আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্যপ্রার্থী প্রণব জ্যোতি পাল, বিএনপির সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল হুদা জুনায়েদ, সিলেট-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মইনুল বাকের, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, বর্তমান সভাপতি মুকতাবিস-উন-নুর, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংবাদিক হুমায়ুন রশীদ চৌধুরী, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের সিলেটের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সিলেট ইউনিটের সমন্বয়ক ইরফানুজ্জামান চৌধুরী, নারীনেত্রী সামিয়া চৌধুরী, নৃতাত্ত্বিক সম্প্রদায় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লক্ষীকান্ত সিংহ, এনসিপির সিলেট জেলা আবু সাদেক খাইরুল, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সাবেক সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক দিলারা রহমান ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘ইম্পেক্ট ইনিশিয়েটিভের’ সহ-সমন্বয়ক মুহাম্মদ আয়াজ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক জায়েদা শারমিন, অধ্যাপক এমদাদুল হকসহ ওই বিভাগের শিক্ষার্থী ও সিলেটের বিশিষ্টজনেরা।