শিরোনাম

ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের মো. আলাল (৩৭) নামে এক সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
রোববার রাতে পল্লবী থানার তালতলা বস্তিতে যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার তালতলা বস্তির একটি ভাড়া বাসায় একজন ব্যক্তি বিদেশী পিস্তল ও গুলি নিয়ে অবস্থান করছে জানতে পেরে পল্লবী থানা পুলিশ এবং যৌথ বাহিনীর টিম দ্রুত অভিযান চালায়।
এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. আলালকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মো. আলালের বিরুদ্ধে ডিএমপির পল্লবী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। সে পল্লবীর থানা এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করার উদ্দেশে এ পিস্তল, গুলি ও ম্যাগাজিন নিজ হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।