শিরোনাম

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): আগামীকাল দিবাগত রাতে পবিত্র শবে বরাত উপলক্ষ্যে অন্যান্য বাহিনীর পাশাপাশি সারা দেশে নিরাপত্তার দায়িত্ব থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শবে বরাত উপলক্ষ্যে সার্বক্ষণিক নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে র্যাব ফোর্সেস অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, গোয়েন্দা সংস্থাসমূহের সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদার ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে পর্যাপ্তসংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব জাতীয় পর্যায়ের ধর্মীয় ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ধর্মীয় উৎসব-অনুষ্ঠান উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে। র্যাব ফোর্সেস আগামীকাল ৩ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবে।
এছাড়াও ঢাকাসহ সারা দেশে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও ইউনিফর্মে টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয়সংখ্যক স্ট্যাটিক ও মোবাইল ফোর্স মোতায়েন এবং পর্যাপ্ত স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ মসজিদ ও মাজারসমূহে গোয়েন্দা নজরদারিসহ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও ধর্ম বিরোধী অপপ্রচার-গুজব রোধে র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে নজরদারি অব্যাহত রাখছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে কোনো ব্যক্তি এবং স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা ও অপপ্রচার রোধ করতে প্রস্তুত রয়েছে র্যাব।
এছাড়াও উক্ত সময়ে যে কোনো বিশৃঙ্খলা দেখা দিলে সহযোগিতা পেতে র্যাব’কে (কন্ট্রোল রুমের নাম্বার ০১৭৭৭৭২০০২৯) জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দেশের সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছে র্যাব।