বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩১

পি কে হালদারের ঘনিষ্ঠ ৪ সহযোগীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদার। ছবি: বাসস

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের ঘনিষ্ঠ চার সহযোগীর দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। 

নিষেধাজ্ঞা দেওয়া আসামিরা হলেন- ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুল হক, ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল ইসলাম, কোম্পানি সচিব রেজাউল ইসলাম ও হেড অব রিকোভারী আবু মো. আল মামুন।

আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, প্রশান্ত কুমার হালদার এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং এর অভিযোগ অনুসন্ধানে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামিরা প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) ঘনিষ্ঠ সহযোগী ও তার স্বার্থ সংশ্লিষ্ট; তারা দেশত্যাগ করতে পারেন এমন আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।