বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৫

শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হকসহ ৪০ জনের আগাম জামিন

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

শেরপুরের শ্রীবরদীর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় তার স্ত্রীর করা মামলায় আজ বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই জামিন আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

গত ২৮ জানুয়ারি বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের দিন সহিংসতায় গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।