
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কল্যাণমূলক উদ্যোগ ‘সঞ্জীবন প্রকল্প’ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির বীর বিক্রম শহীদ এলাহী অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালা বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের আওতায় পরিচালিত হয়।
কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি’র মহা-পরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি ‘সঞ্জীবন প্রকল্প’র উদ্দেশ্য, বাস্তবায়ন কাঠামো এবং এর মাধ্যমে সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নের সম্ভাবনাকে তুলে ধরেন।
এ সময় মহা-পরিচালক বলেন, ‘সঞ্জীবন প্রকল্প আনসার ও ভিডিপি সদস্যদের মধ্য থেকে দক্ষ, কর্মঠ ও উদ্যোক্তা থেকে আগ্রহী ব্যক্তিদের নির্বাচন করে টেকসই কর্মসংস্থান সৃষ্টির একটি সময়োপযোগী প্রয়াস।’
তিনি আরও বলেন, সুবিধা-বঞ্চিত সদস্যদের স্বাবলম্বী করে তুলতেই এই প্রকল্পের পাইলটিং কার্যক্রম দেশের ১২টি জেলার ১২টি উপজেলায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্ট সকলকে কাজের পরিধি, লক্ষ্য, উদ্দেশ্য ও অর্জনের সূচক সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখার ওপর গুরুত্বারোপ করে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, দায়িত্ব পালনের প্রতিটি ধাপই এক ধরনের বিনিয়োগ।
তিনি আরও বলেন, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করলেই, চাকরি জীবনের সর্বোত্তম বিনিয়োগ নিশ্চিত হয়।
প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘প্রতিটি কর্মকাণ্ড এমনভাবে বাস্তবায়ন করতে হবে, যেন তা স্বচ্ছ, প্রশ্নাতীত ও সর্বজনস্বীকৃত হয়।’
মহা-পরিচালক উল্লেখ করেন, ‘সঞ্জীবন প্রকল্প’র অগ্রযাত্রায় পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে উপকারভোগী নির্বাচন পর্যন্ত প্রতিটি বিষয় সুসংগঠিত ও সুনির্দিষ্ট।
তিনি বলেন, সম্ভাব্য চ্যালেঞ্জ চিহ্নিত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় কৌশল ও সমাধান কাঠামো ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে।
এটি প্রকল্পটির দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
কর্মকর্তারা কর্মশালায় প্রকল্পভিত্তিক পৃথক সেশন পরিচালনা করেন। সঞ্জীবন প্রকল্পের প্রস্তাবনা দাখিল প্রক্রিয়া, সদস্য নির্বাচন কৌশল বিষয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম।
প্রকল্পের নন-এগ্রোবেজড কার্যক্রম নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন ২৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক রুবেল উকিল।
তিনি নন-এগ্রোবেজড উদ্যোগের সম্ভাবনা, বাস্তবায়ন পদ্ধতি ও সদস্যদের দক্ষতা অনুযায়ী প্রকল্প নির্বাচন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অপরদিকে, এগ্রোবেজড প্রকল্প বিষয়ে বক্তব্য রাখেন মহিলা আনসার ব্যাটালিয়ন-২ এর পরিচালক ড. মোস্তারী জাহান ফেরদৌস।
তিনি কৃষিভিত্তিক উদ্যোগের মাধ্যমে টেকসই আয় সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী এ কর্মশালায় প্রকল্প প্রস্তাবনা দাখিল প্রক্রিয়া, সদস্য নির্বাচন কৌশল, মডেল প্রকল্প উপস্থাপন, উদ্যোক্তা উন্নয়নের ভবিষ্যৎ সম্ভাবনা ও সমস্যা মোকাবিলায় দলগত সমাধান পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বর্তমান অগ্রগতি, সম্ভাব্য প্রতিবন্ধকতা ও তা উত্তরণের বাস্তবসম্মত উপায় নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ফলপ্রসূ মতবিনিময়ের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।
দক্ষতা উন্নয়নমূলক এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রকল্প সংশ্লিষ্ট অত্র বাহিনীর এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভিন্ন পদবীর কর্মকর্তাবৃন্দ।