বাসস
  ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:১৩

সাবেক এমপি অসীম কুমার উকিলের ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল। ফাইল ছবি

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নেত্রকোনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিলের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, আসামি অসীম কুমার উকিলের নামীয় ব্যাংক হিসাবসমূহ থেকে অর্থ অন্যত্র স্থানান্তর/হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সম্পদসমূহ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে উক্ত টাকা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। তাই দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৮ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ধারা ১৪ অনুযায়ী  ব্যাংক হিসাবসমূহ থেকে অর্থ উত্তোলন অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।