শিরোনাম

ঢাকা, ১১ জুলাই, ২০২৬ (বাসস) : ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেন, সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু ও মাদকের মতো দুটি বড় সংকট মোকাবিলা করা সম্ভব নয়।
আজ খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান খেলার মাঠে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, বর্তমান সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী প্রজন্মের জন্য একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক বিভিন্ন খাতে কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, নাগরিকদের ফ্যামিলি কার্ডের আওতায় আনার কাজ করছে সরকার। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও সমাজকল্যাণ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতির কথা উল্লেখ করে ঢাকা-৯ আসনের এই সংসদ সদস্য বলেন, রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সমাজকর্মীরা একসঙ্গে এগিয়ে এলে ঢাকা-৯ আসনকে আরও সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব।
তিনি সমন্বিত সচেতন সমাজের কার্যক্রমের প্রশংসা করে বলেন, ভালো কাজের সঙ্গে থাকতে হবে এবং সামাজিক সব ধরনের খারাপ কাজ সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে।
মাদকের প্রসঙ্গ তুলে হাবিবুর রশিদ বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দিয়েছে। এটি প্রতিরোধ করা না গেলে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা কঠিন হবে।
রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ যদি চাঁদাবাজি বা মাদকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকেন, তাহলে তাদের এসব কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে।
অন্যথায় তারা রাজনৈতিকভাবে বঞ্চিত ও আইনের মুখোমুখি হবেন। তখন তাদের রক্ষার কোনো সুযোগ থাকবে না।
তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে দেশের মালিকানা সবাই অনুভব করবে এবং প্রত্যেক নাগরিক সমান মর্যাদা পাবে। শুধু নির্বাচন করতে চাইলেই হবে না, মানুষের পাশে থাকতে হবে এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে।
ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, পরিচ্ছন্নতা ও সচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। আগামী ৩০ দিন পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সমন্বিত সচেতন সমাজের উদ্যোগে ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে উঠবে।
এ সময় প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দকেও পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
হাবিবুর রশিদ হাবিব বলেন, জনগণের একজন ভাই, প্রতিবেশী ও সেবক হিসেবে জবাবদিহির মধ্য দিয়ে তিনি ঢাকা-৯ আসনকে এগিয়ে নিতে চান। ওয়ার্ডগুলোর সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ঢাকা-৯ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।