বাসস
  ২৭ জুলাই ২০২৬, ২১:২৩
আপডেট : ২৭ জুলাই ২০২৬, ২১:২৪

খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডব্লিউএফপি’র আবাসিক প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর কোকো এইচ. উশিয়ামা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: মন্ত্রণালয়

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস): পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি এবং জলবায়ু সহনশীলতা জোরদার করাও সমানভাবে এগিয়ে নিতে হবে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র আবাসিক প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর কোকো এইচ. উশিয়ামা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে শামা ওবায়েদ খাদ্য নিরাপত্তা, পুষ্টি, সামাজিক সুরক্ষা এবং মানবিক সহায়তা খাতে বাংলাদেশের সঙ্গে ডব্লিউএফপির দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন।

সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের জন্য ডব্লিউএফপির অব্যাহত সহায়তার জন্য তিনি সংস্থাটিকে ধন্যবাদ জানান।

রোহিঙ্গাদের জন্য খাদ্য ও পুষ্টি সহায়তা নিরবচ্ছিন্ন রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী বাংলাদেশের স্কুল মিলস কর্মসূচিতে ডব্লিউএফপির অবদানের প্রশংসা করেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

সরকারের অগ্রাধিকার তুলে ধরে তিনি পরিবেশবান্ধব কৃষির প্রসারে গুরুত্বারোপ করেন এবং পরিবেশগত স্থায়িত্ব ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির কথা উল্লেখ করেন।

শামা ডব্লিউএফপির কার্যপরিধির আওতাভুক্ত সরকারি উদ্যোগগুলোর বিশেষ করে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য সংস্থাটির সহায়তা কামনা করেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশকে সহায়তা করতে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।

উশিয়ামা বলেন, ডব্লিউএফপি ক্ষুধার মূল কারণগুলো মোকাবিলার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি, খাদ্য নিরাপত্তা ও পুষ্টির ওপর সৃষ্ট ক্রমবর্ধমান ঝুঁকি, বিশেষ করে নারী ও শিশুদের দুর্বলতা, মোকাবিলায় কাজ করছে।

তিনি খুলনা বিভাগ ও হবিগঞ্জ জেলায় ডব্লিউএফপির চলমান কার্যক্রম এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ভূমিকম্প প্রস্তুতি বিষয়ে সংস্থাটির কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

বৈঠকে উভয় পক্ষ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়া এবং নিরাপদ, জলবায়ু-সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ-ডব্লিউএফপি অংশীদারত্ব আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।