শিরোনাম

শেরপুর, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস): শেরপুর-৩ আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আজ সকাল সাড়ে ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সকাল সাড়ে আটটায় শ্রীবরদী উপজেলার রুপার পার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন, বিএনপির ধানের শেষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল। এসময় তার স্ত্রী ফরিদা হকসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এই নির্বাচনে বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী) মো. মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোট হয়। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে নির্বাচিত হন। এর মধ্যে বগুড়া-৬ আসন তিনি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে তফসিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যু হওয়ায় শেরপুর-৩ আসনে ভোট স্থগিত করা হয়। আজ সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
দুটি উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে শেরপুর -৩ আসন গঠিত। মোট ১২৮টি কেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, শেরপুর -৩ আসনে সংসদ নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা জোরদার করতে ১৬ প্লাটুন বিজিবি, ১ হাজার ১৫০ জন পুলিশ সদস্য, র্যাবের ১৪টি টহল টিম, ২ শতাধিক সেনাবাহিনী, ১ হাজার ৭শ জন আনসার ভিডিপি মোতায়েন করা হয়েছে। এছাড়া সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন, ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ উপজেলায় ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ইলেকশন ইনকোয়ারি কমিটির ৩ জন যুগ্ম জেলা জজ।
তিনি জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১৮ জন পর্যবেক্ষকের পাশাপাশি প্রতি ভোটকেন্দ্রে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য এবং ১২ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।