শিরোনাম

বরিশাল, ২৩ মার্চ, ২০২৬ (বাসস): ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তাই ঈদের ছুটিতে আনন্দ উদযাপন করতে বরিশালের বিনোদন কেন্দ্রগুলোতে ঢল নেমেছে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের। ঈদের প্রথম দিনে বৈরি আবহাওয়া থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দিনে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বিনোদন প্রেমীরা স্বস্তিতে ঘুরতে পারছেন।
কেউ পরিবার নিয়ে, কেউ স্বজন, কেউ বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে বেড়িয়েছেন শহরের বিনোদন কেন্দ্রগুলোতে।
ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে সবচেয়ে বেশি জমজমাট বরিশালের বিনোদন কেন্দ্র প্ল্যানেট পার্ক।
ঈদের দ্বিতীয় তৃতীয় দিনে দুপুরের পর থেকে প্ল্যানেট পার্কে ঢল নামে বিনোদন প্রেমিদের। ঈদ উপলক্ষে এই প্ল্যানেট পার্ককে সাজানো সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে।
পার্কের টিকিট কাউন্টারে দেখা গেছে দর্শনার্থীদের দীর্ঘ লাইন। পার্কে প্রবেশ মূল্য প্রতি জন ৩৫ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকেই প্ল্যানেট পার্ক খুলে দেয়া হয় জনসাধারণের জন্য এবং রাত ৯টা পর্যন্ত পার্কে প্রবেশ করার সুযোগ রয়েছে।
এছাড়া পার্কের ৮টি রাইড রয়েছে যেগুলোতে সব বয়সের মানুষ চড়তে পারে। হাইড্রোলিক প্লেন, ফ্লাওয়ার বক্স, শান্তা মারিয়া, ঘোরা, সুপার চেয়ার, ট্রেন, প্যাডেল বোর্ড এবং প্যারা টুকাবর। ঈদের ছুটিতে পরিবার নিয়ে পার্কে এসে আনন্দিত ঘুরতে আসা বিনোদনপ্রেমীরা।
এছাড়াও বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক, বেলস্ পার্ক, গ্রীন সিটি পার্ক এবং কীর্তনখোলা নদী তীরবর্তী বেড়ি বাঁধের মনোরম পরিবেশে ঘুরতে আসছেন মানুষ।
ঈদে বিনোদন কেন্দ্রে ঘুরতে আসা রুবেল সবকদার জানান, ঈদে পরিবার নিয়ে বরিশালের বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরেছেন তিনি। তবে সনাতানদের জন্য শিশু পার্কে অনেক ধরনের খেলনা রাইড থাকায় সেখানে শিশুরা বেশি উচ্ছাসিত।
আফরোজা বেগম নামে এক দর্শনার্থী বলেন, বরিশালের যেসকল দর্শনীয় স্পটগুলো রয়েছে সব যায়গায় ঘুরেছেন। শহরে কোন যানজট না থাকায় স্বস্তি পেয়েছেন।
দর্শনার্থীরা জানান, ঈদে পরিবার সন্তান নিয়ে তারা ঘুরতে বেরিয়েছেন। বিশেষ করে প্লানেট পার্কে শিশুদের আগ্রহ বেশি থাকায় তারা সেখানেই যাচ্ছেন।
ঈদের সার্বিক নিরাপত্তায় মোতায়ন করা হয়েছে আইনশৃংখলা বাহিনী।