শিরোনাম

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর রাজধানীর গুলশানের দু’টি ফ্ল্যাটে আদালতের নির্দেশনায় পরিচালিত ইনভেন্টরি কার্যক্রমে প্রায় ২৬০ ধরনের পণ্য ও মূল্যবান সামগ্রীর সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত রোববার ও সোমবার পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী, বিলাসবহুল ব্র্যান্ডের ঘড়ির আনুষঙ্গিক সামগ্রী, শতাধিক স্যুট-টাই, ইলেক্ট্রনিকস, আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রীর তালিকা প্রস্তুত করা হয়েছে।
দুদকের তদন্তকারী দল, সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, গুলশান থানার পুলিশ এবং ভবন কর্তৃপক্ষের উপস্থিতিতে গুলশান-২-এর ৬৬ নম্বর সড়কের ১১ নম্বর ভবনের ৭এ ও ৭বি ফ্ল্যাটে সোমবার সকাল সাড়ে ১১টা থেকে এ কার্যক্রম পরিচালিত হয়।
ইনভেন্টরি তালিকা অনুযায়ী, দুই ফ্ল্যাটে বিপুল পরিমাণ পোশাক ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রীর মধ্যে রয়েছে ২৭৬টি টাই, ১৪০টি স্যুট, ৯১টি শার্ট, ৫৩টি প্যান্ট, ১৩টি পাঞ্জাবি, ১২টি লুজ প্যান্ট, পাঁচটি ট্রাউজার, ৪০টি ব্যবহৃত সালোয়ার-কামিজ, পুরুষদের তিনটি ওভারকোট, নারীদের দু’টি ওভারকোট, সাতটি সানগ্লাস, একটি আলেকজান্ডার ম্যাককুইন ব্র্যান্ডের জুতা, একটি লেডিস হ্যান্ডব্যাগ, সাতটি বেল্ট, তিনটি মুক্তার মালা এবং একটি বোর্নিও পার্লস পাওয়া যায়।
তালিকায় বিলাসবহুল ঘড়ির আনুষঙ্গিক সামগ্রীর মধ্যে রয়েছে চারটি রোলেক্স ঘড়ির খালি বক্স, একটি ব্যবহৃত নষ্ট রোলেক্স ঘড়ি, চারটি প্যাটেক ফিলিপ ঘড়ির খালি বক্স, একটি প্যাটেক ফিলিপের সার্টিফিকেট, একটি অডেমার পিগে ঘড়ির খালি বক্স, একটি অডেমার পিগের ওয়ারেন্টি কার্ড, একটি ভাসন কনস্ট্যান্টিন ঘড়ির বক্স, একটি পারমিজিয়ানি ফ্লুরিয়ের ঘড়ির খালি বক্স, দু’টি জ্যাগার-লেকুলত্র ঘড়ির খালি বক্স, একটি ব্রেগুয়ে ঘড়ির খালি বক্স এবং একটি এলইউসি ব্র্যান্ডের ঘড়ির খালি বক্স। এছাড়া মার্সিডিজ-বেঞ্জ, ল্যান্ড রোভার, টয়োটা ও ডিফেন্ডার ব্র্যান্ডের পাঁচটি গাড়ির চাবি পাওয়া গেছে।
প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যার সামগ্রীর মধ্যে রিচুয়ালস ব্র্যান্ডের তিনটি পারফিউম, দু’টি ফেব্রিক স্প্রে, ছয়টি কার এয়ার ফ্রেশনার, দু’টি স্টেইন রিমুভার, একটি স্মার্ট ব্যান্ড, একটি ইলেকট্রিক আয়রন, একটি ইলেকট্রিক লাইটার, ৯টি জিলেট ব্লেডসহ বিভিন্ন ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রীরও তালিকা করা হয়েছে।
ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্যের মধ্যে একটি প্লে-স্টেশন (পিএস-৫), একটি ৫৫ ইঞ্চি সনি টেলিভিশন, একাধিক ডাইকিন, জেনারেল ও গ্রি ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার, একটি ফ্রিজ, একটি ডিপ ফ্রিজ, একটি ওয়াশিং মেশিন, একটি মাইক্রোওভেন, একটি টোস্টার, একটি ইলেকট্রিক কেটলি, একটি ট্রেডমিল, একটি ওয়েট মেশিন, তিনটি ব্লাড প্রেসার মেশিন, দু’টি পালস অক্সিমিটার, একটি রাউটার এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম পাওয়া গেছে।
এছাড়া দুই ফ্ল্যাটে একাধিক কিং সাইজ বেড, সোফা সেট, ডাইনিং টেবিল, চেয়ার, ওয়ারড্রোব, স্টিলের ভল্ট, শোকেস, সেন্টার টেবিল, ঝাড়বাতি, ওয়াল মিরর, কার্পেট, পর্দা, ফুলদানি, শোপিস, ট্রলি, আলমারি ও অন্যান্য আসবাবপত্রের পাশাপাশি কাচের গ্লাস, সিরামিক কাপ-প্লেট, বাটি, জগ, ট্রে, রান্নার কড়াই, দা-বটি, হটপট, ফ্লাস্ক, কাপড় শুকানোর হ্যাঙ্গার এবং বিভিন্ন গৃহস্থালি সামগ্রীরও তালিকা প্রস্তুত করা হয়েছে।
দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বাসস-কে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত সম্পদের পূর্ণাঙ্গ ইনভেন্টরি প্রস্তুতের পূর্ণ কাজ শেষে তা আদালতে দাখিল করা হবে।